দেশের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দ্বারা সাধারণ মানুষ এমনকি সংবাদকর্মীদের হেনস্তার ঘটনা নতুন না। এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে।
মারধরে আহত ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে স্মৃতিসৌধ কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নূর হোসেন গণমাধ্যমকে জানান, বিকালের দিকে আমার দু’জন ভাগ্নে স্মৃতিসৌধে বেড়াতে যায়। সেখানে আনসার সদস্যরা টাকার বিনিময়ে মানুষজনকে প্রবেশ করাচ্ছিল। আমি এর প্রতিবাদ করায় আমাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। সেখানে ৭-৮ জন আনসার সদস্য মিলে আমাকে মারাত্মকভাবে মারধর করে। তারা লাঠি দিয়ে আমার পা থেতলিয়ে দিয়েছে। এখন সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছি।
বিশ্যবিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল জানান, আমরা নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। এর প্রতিবাদে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হবে।
জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার আনসার সদস্য তাকে মারধর করে। পরে সেখানে পুলিশ আসে। সাময়িক আলোচনার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে