‘অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে অক্টোবরে’

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ (সোমবার) সাড়ে ৭ শতাংশ সংক্রমণের হার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন,সারাবিশ্বেই করোনা সংক্রমণের হার কমে এসেছে। সরকার প্রধান, করোনার বিষয়ে সব সময় খোঁজখবর রেখেছেন। হাইফ্লো ক্যানোলা দুই হাজারটি এসেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঔষধাগার প্রাঙ্গণে ভারত সরকারের পাঠানো উপহার অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর জন্য আলাদা হাসপাতাল ছেড়ে দিতে হয়েছে। স্বাস্থ্যের বিভিন্ন নিয়োগ কার্যক্রম চলছে। মানুষের কল্যাণে অনেক ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে এসেছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে সক্ষম বাংলাদেশ।’

বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।’

ভারতের টিকা কবে নাগাদ আসতে পারে এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চুক্তি অনুযায়ী ভারত থেকে অক্টোবর মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে।’

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক অটুট থাকবে।’

ভারতের দেওয়া ৪১টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয় বিকেলে। আরও ৬৮টি অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। লাইন ডাইরেক্টরের পক্ষ থেকে ২১টি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে এবং উপজেলা হেলথ কেয়ারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে ৬০টি অ্যাম্বুলেন্স।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর