অতিরিক্ত মাত্রায় দূষণের ফলে গঙ্গায় তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সেখানকার মৎস্যজীবীরা হা-হুতাশ করছে। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশের দল। তাদের গন্তব্য এখন বাংলাদেশের পদ্মা নদীতে।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নদী, বাঁধ ও সংশ্লিষ্ট সম্প্রদায় নিয়ে ভারতভিত্তিক কাজ করা সাউথ এশিয়া নেটওয়ার্ট অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস নামে একটি সংস্থা।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ। তাদের বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর একশর বেশি পৌরসভার ময়লা-আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, দূষণের ফলে গঙ্গার পানিতে লবণের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। এ কারণে ইলিশ এ নদীর মোহনা থেকেই ফিরে যাচ্ছে। আর গঙ্গা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া সেইসব ইলিশের অভিমুখ এখন বাংলাদেশের দিকে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীতে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসছে। বাংলাদেশের মৎস্য বিভাগের পরিসংখ্যান উল্লেখ করে তারা জানিয়েছে, গত দুই বছরের তুলনায় এ বছর বাংলাদেশে ১৯ শতাংশ ইলিশ বেশি ধরা পড়েছে।
বার্তা বাজার/এসবি