প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে

বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

তিনি বলেন, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় বিদ্যুতের পিক আওয়ারে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুতের পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিনএজি স্টেশন বন্ধ রাখতে হবে। একইসঙ্গে বিষয়টি সবাইকে জানাতে কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর