অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে বাদলের (৬৩) মামলার রায় ঘোষণার জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশলি সালাউদ্দিন হাওলাদার বলেন, আমরা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আশা করছি তার সর্বোচ্চ সাজা হবে।
গত ৫ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ১৩ জন সাক্ষীর মধ্যে ১৩ জনেরই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত ৯ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান আব্দুল মালেক।
গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ১৩ জনকে সাক্ষী করে মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন। গত ১১ মার্চ মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর গাড়িচালক আবদুল মালেককে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১-এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেন।
বার্তা বাজার/নব