ভারত কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না বলে ভারত সরকার কথা দিয়েছে। আশা করি তারা এই প্রতিশ্রুতি রক্ষা করবে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে যে সমস্যা রয়েছে সেটা যে শেখ হাসিনার হাত ধরেই সমাধান হয়েছে তা হয়তো তারা ভুলে গেছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি মুখে ভারতের বিরোধিতা করলেও ভারতের সঙ্গে নতজানু অবস্থান নিয়েছিল যা তাদের শাসনামলে দেশের জনগণ দেখেছে।
শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় অনেক বছরের পুরোনো ছিটমহল ও সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের সময়ে কোনো সমস্যার সমাধান করতে পারেনি। উল্টো তারা প্রতিবেশী দেশের সঙ্গে অবিশ্বাস ও আস্থাহীনতার দেয়াল তুলেছে।
মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের আড়ালে বিএনপি ক্ষমতার জন্য দেশকে বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
বার্তা বাজার/নব