স্কুল-কলেজের গেটে অভিভাবকদের ভিড়, সংক্রমণ বাড়ার আশঙ্কা

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে। সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলছে শ্রেণিকক্ষে পাঠদান।

তবে স্কুল-কলেজের গেটের বাইরের দৃশ্যটা যেন ভিন্ন। গেটের বাইরে অপেক্ষামান অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। একসঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন অনেকেই। এতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন দৃশ্যই নজরে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রথম দিন কেটেছে শিক্ষার্থীদের। আজ দ্বিতীয় দিন কড়াকড়িভাবেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে পাঠদান হলেও স্কুল-কলেজের প্রধান গেটের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর শীর্ষ পর্যায়ের অনেক স্কুল কলেজে এমন দৃশ্য চোখে পড়েছে।

এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর