ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিবে বাংলাদেশ দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন সাকিব।
রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাকিবের সঙ্গে মুস্তাফিজুর রহমানের দুবাই যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। কিন্তু ভিসা জটিলতায় শেষ পর্যন্ত মুস্তাফিজের দুবাই যাওয়া আটকে যায়। তবে এ সমস্যার সমাধান হলে আজ রাতে দেশ ছাড়বেন মুস্তাফিজ।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের দ্বিতীয় অংশ মাঠে গড়াবে। তবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ২০ সেপ্টেম্বর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে।
অন্যদিকে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস ২১ সেপ্টেম্বর মাঠে নামবে। আইপিএলে দ্বিতীয় অংশের প্রথম ম্যাচে তারা লড়বে পাঞ্জাব কিংসের বিপক্ষে।
আইপিএলে এখন পর্যন্ত কলকাতার জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেছেন সাকিব। তিন ম্যাচে ৩৮ রান করার পাশাপাশি নিয়েছেন দুই উইকেট। অন্যদিকে রাজস্থানের হয়ে ৭ ম্যাচের সবগুলোতে খেলে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট।
বার্তা বাজার/নব