কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শামসুল আলম রিপন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রিপন কুমিল্লা মহানগর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুয়াগাজী এলাকার লালবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা রিপন কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিপন মারা যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে ধাক্কা দেওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
বার্তা বাজার/নব