নববধূকে অচেতন করে ধর্ষণের ভিডিও ধারণ, লজ্জায় স্বামীর আত্মহত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে এক নববধূকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরের রাতে ওই বধূর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, স্ত্রীকে ধর্ষণের ঘটনা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশীপুর গ্রামে ঘটনাটি ঘটে। রোববার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সবার নজরে আসে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই নববধূ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এছাড়া পুলিশও দায়ের করে একটি অপমৃত্যু মামলা।

জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরের আরিফ হোসেন নাঙ্গলকোটের জোড্ডা বাজারে মুক্তা হোটেল নামে একটি খাবারের দোকানে কাজ করতেন। তখন তার সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মুন্সীগঞ্জের এক মেয়ের সাথে (১৬)। বিগত সপ্তাহে তারা পালিয়ে বিয়ে করেন। বুধবার রাতে হোটেলের মালিকের ছেলে লিটন (২৩) ও স্থানীয় সালাউদ্দিনের সহায়তায় (২৫) কাশিপুরের আজগর মিয়ার একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেন।

এরপর বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী দুইজন ঘুমিয়ে পড়লে ওই পরিত্যক্ত ঘরে প্রবেশ করে লিটন ও সালাউদ্দিন। এসময় আরিফের স্ত্রীকে নেশাজাত দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে লিটন। সালাউদ্দিন ভিডিওচিত্র ধারণ করে। ধর্ষণের একপর্যায়ে আরিফের ঘুম ভেঙে গেলে সালাউদ্দিন ও লিটন পালিয়ে যায়।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর বলেন, ধর্ষণের ঘটনায় স্ত্রী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে। মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও চিত্রটি উদ্ধার করা হয়েছে। ভিডিও চিত্রের বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের মাধ্যমে আপাতত প্রতীয়মান হচ্ছে, লজ্জা সইতে না পেরে অপমানে আত্মহত্যা করেছে আরিফ।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিটনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি সালাউদ্দিন পলাতক রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন আছে গৃহবধূ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরিফের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর