বার্তা বাজারে সংবাদ প্রকাশ: মেরামত হলো সেই ব্রিজ
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজার সংলগ্ন আয়রন ব্রিজের বেহাল দশা নিয়ে শনিবার (১১ সেপ্টেম্বর) বার্তা বাজারে “কেশবপুরের আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদ” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর রোববার ব্রিজটি মেরামতের উদ্যোগ নেন কেশবপুর ইউপি চেয়ারম্যান মো. সালেহ্ উদ্দিন পিকু।
চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ব্রিজের ভাঙা পাকা স্ল্যাব ও গাছের গুড়ি সরিয়ে কাঠের পাটাতন তৈরি করে দেন। যাতে মানুষজন চলাচল করতে পারে।
তবে স্থানীয়রা বলছেন, ভাঙা স্ল্যাবের পরির্বতে কাঠের পাটাতন দিয়ে মানুষ চলাচল করতে পারলেও যানবাহন চলাচলের অনুপযোগী। এছাড়াও ব্রিজটির উচ্চতা বেশি হওয়ায় ও সংযোগ সড়কের অবস্থা খারাপ থাকায় কোনো যানবাহন চলাচল সম্ভব না। এখানে পুরানো আয়রন ব্রিজটি ভেঙে একটি আরসিসি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সালেহ্ উদ্দিন পিকু বলেন,‘হাজার হাজার মানুষ যাতায়াত এ ব্রিজ দিয়ে। স্ল্যাব ভাঙা থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। আহতও হয়েছেন অনেকে। কাঠের তক্তা দিয়ে মানুষ চলাচলের উপযোগী করা হয়েছে। এতে কিছুটা হলেও দুভোর্গ কমবে। তবে এটা কোন স্থায়ী সমাধান না। এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এজন্য আমি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন,‘ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এম.এ হান্নান/বার্তা বাজার/এসজে