সড়কের বাঁকে বাঁকে রোহিঙ্গাদের দোকান, দুর্ঘটনার আশংকা
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজার টেকনাফ সড়কের বাঁকে বাঁকে হাজারেরও অধিক অপরিকল্পিত দোকানপাঠ গড়ে তোলা হয়েছে। পথচারীদের শঙ্কা এসব বাঁকে যোংকনো সময়ে মারাত্মক দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যা নিয়ে প্রাণহানির আশংকা রয়েছে। পাশাপাশি এসব দোকানপাঠে মাদকদ্রব্য বেচাকেনা হয় বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উখিয়া সদরের এক কিলোমিটার মহুরীপাড়া থেকে পালংখালী ইউনিয়নের বালুখালী পর্যন্ত প্রায় হাজারেরও অধিক অবৈধ দোকানপাঠ গড়ে তোলা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা এসব দোকানের ছবি ধারণ করতে গেলে ১০/১২ জন রোহিঙ্গা তেড়ে আসে। তাদের দাবী ছবি তুলে গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তাদের দোকানগুলো উচ্ছেদ করে দেবে। তাই এ দোকানের ছবি তুলতে দেওয়া হবে না। অবশ্য পরে স্থানীয়দের সহযোগীতায় ছবি ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইসহাক সওদাগর অভিযোগ করে বার্তা বাজারকে জানান, অধিকাংশ দোকানের মালিক রোহিঙ্গা নাগরিক। যদিও জমি বন বিভাগের নিয়ন্ত্রণে তবুও এখানে বনকর্মীদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। যেহেতু বন বিট কর্মকর্তা আগেভাগেই ম্যানেজ হয়ে গেছেন।
আরো বেশ কয়েকজন সচেতন নাগরিক তাদের মতামত ব্যক্ত করে বলেন, উখিয়া বনবিভাগের দায়িত্বরত বিট কর্মকর্তার উৎকোচ বাণিজ্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাকে শায়েস্তা করা না হলে উখিয়ার বনাঞ্চল বেদখলে চলে যাবে।
সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) উখিয়া শাখার সভাপতি নুর মোহাম্মদ সিকদার এ অভিযোগের সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, বনবিভাগ সংলগ্ন সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলোতে রাতের বেলায় জমজমাট বেচাকেনা হয়।
কী ধরনের পণ্য লেনদেন হয় জানতে চাওয়া হলে ওই নেতা বলেন, নেশা জাতীয় দ্রব্য বিক্রির কারণে এখানে যুবক শ্রেণির আড্ডায় এলাকা সরগরম হয়ে উঠে। মাঝেমধ্যে নেশাখোরদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে থাকে।
বলাবাহুল্য বালুখালী ক্যাম্পে মৌলভী আব্দুল গফুর নামের একজন সাবেক মেম্বার তার নিজের জোত জমির উপর দোকান ঘর নিমার্ণের ব্যাপারে অনুমতি চাইতে গেলে প্রশাসন সরাসরি তার আবেদন নাকচ করে দিয়ে বলেন, ক্যাম্পের ভিতরে কোন দোকানপাট বা ব্যবসা বাণিজ্য করা যাবে না।
উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম বার্তা বাজারকে জানান, অল্প সংখ্যক লোকবল নিয়ে বিশাল জনগোষ্ঠীর দখলদারিত্ব ঠেকানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, সড়কের আশে পাশে যেসব দোকানপাট গড়ে তোলা হয়েছে তা অচিরেই উচ্ছেদ করা হবে।
বার্তা বাজার/এসজে