‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। খ‍ালেদা জিয়া যুদ্ধাপরাধীদের যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, রাজাকারদের ঠাঁই বাংলার মাটিতে নেই, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।

স্বাধীনতার চেতনায় দেশকে গড়ে তুলব। ’‘মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে। যখন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখন থেকেই বিরোধী দলের নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। যতই ষড়যন্ত্র করুন না কেন, তাদের রক্ষা করতে পারবেন না। ’

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা উচ্চ আয়ের দেশে পরিণত হবো। সেই শক্তির পাথেয় বঙ্গবন্ধুর বাণীকে সম্বল করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবশ্যই সূর্যালোকিত দিনের দিকে এগিয়ে যাবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন একটি দল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে চলেছে। পাকিস্তানের দালালের দল বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছি সেভাবে দেশের সব সমস্যার সমাধান করে ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে এগিয়ে যাবো।

রবিবার সকালে জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়ন পরিষদ হলরুমে মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান একেএম আনিছুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সমম্বয়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফী গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

এছাড়া বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর