আন্দোলনের আগে বিএনপির লোকদের ‘লাল ঘরে’ বসিয়ে রাখে সরকার

আজ সরকারের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে, দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা আজ সেই প্রশ্ন তোলা হচ্ছে। অথচ যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিলেন আজ কিনা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। তার সহধর্মিনী যিনি বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। জাতি আপনাদের ঘৃণার চোখে দেখছে।

বিএনপি নেতারা আন্দোলন হলে ঘরে বসে থাকে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন রিজভী।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে। আপনার বক্তব্য সঠিক। তবে আপনার বক্তব্যে একটি শব্দ যোগ করুন। ঘরের আগে লাল শব্দটি বসান। কারণ আন্দোলনে কর্মসূচি দেওয়ার আগেই আপনারা জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে গ্রেফতার করেন, কাউকে ঘরে থাকতে দেন না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান চাইলে লন্ডনে আরাম-আয়েশে থাকতে পারতেন। কিন্তু তিনি দলের জন্য, দলকে শক্তিশালী করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আসুন আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের গড়ে তুলে এই সরকারকে পরাজিত করি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর