জিয়া জাদুঘর সরানোর সিদ্ধান্ত জনগণ কোনোদিনই মানবে না: বিএনপি

চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জাদুঘর সরানোর সরকারি সিদ্ধান্ত জনগণ মানবে না বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ দাবি জানানো হয়। লন্ডন থেকে এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চট্টগ্রামের জিয়া জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।

সভায় বিএনপি নেতারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নির্মমভাবে হত্যার পর তৎকালীন সরকার সার্কিট হাউসটিকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেন। এটি ছিল জনগণের দাবির ভিত্তিতে স্বাধীনতার ঘোষকের প্রতি জাতির সম্মান প্রদর্শনের নিদর্শন। জাদুঘর সরানোর হীন সিদ্ধান্ত জনগণ কোনোদিনই মেনে নেবে না।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর