‘নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রতিটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের আগে বিএনপি এ ধরণের হুমকি দিয়ে আসছে, এতে নতুনত্ব নেই। তাদের এসব আস্ফালন আষাড়ের তর্জন-গর্জন সার।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কার অধীনে হবে সেটি মীমাংসিত বিষয়।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রচার-প্রচারণা করে না। আবার প্রচার-প্রচারণা করলেও তারা নির্বাচনের দিন কেন্দ্রে যায় না, গেলেও দুপুরের আগেই কেন্দ্র ছেড়ে চলে যায়।
বিএনপি জেতার জন্য নয় বরং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেন তিনি।
বার্তা বাজার/নব