বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে আহত ৭

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীর আকস্মিকভাবে ধসে পড়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। প্রাচীর ধসে সাতজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, সদরঘাট থানার কদমতলী আজিজ কলোনীর আবদুল্লাহ ছেলে মো. সেলিম(৩১), বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকার খোরশেদ আলমের ছেলে সেন্টু মোহাম্মদ(২৮), বাকলিয়া থানার বাস্তুহারা এলাকার আব্দুর রহমানের ছেলে বেলাল(৩৫), পলাশ(৫৫), দীপক ধর(২৮), অজ্ঞাত পুরুষ (৬০) ও অজ্ঞাত পুরুষ (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম বলেন, দেয়াল ধসে আহতদের দুপুর ১টা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। তারা অজ্ঞান থাকায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের যে অংশের সীমানা প্রাচীর ধসে পড়েছে তার নিচেই বেশ কয়েকজন হকার বেচাকেনা করতেন। এছাড়া এই পথে ফুটপাথ ধরে অনেক মানুষ যাতায়াত করেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর