মোটরসাইকেল ও ইজিবাইকে দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত বছরের তুলনায় এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন তিনি।
সেতুমন্ত্রী বলেন, এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে। সড়ক নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে বিশ্বব্যাংকও সতর্ক।
সরকারের উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে তিনি বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির প্রয়োজন নেই। পায়রাসহ সবগুলো সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বিআরটি প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।
এসময় মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ৬টি সেতু উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।
বার্তা বাজার/নব