দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চলতি মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
অভিযানের সময় তার সাথে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব খন্দকার শহীদউল্লাহ ও স্থানীয় সরকার সচিব হেলালউদ্দীন আহমদ।
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সতর্কতা অবলম্বন করায় এবার আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে।
ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ২৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৮ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৩ হাজার ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন ও ৯ সেপ্টেম্বর পর্যন্ত আটজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব