অপরিষ্কার শ্রেণিকক্ষ, অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করলেন শিক্ষামন্ত্রী
৫৪৩ দিন পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। গত ৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সে সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উপলক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। করোনার সংক্রমণ ও ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে শ্রেণিকক্ষগুলো আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
সেই নির্দেশনা যথাযথভাবে পালন না করে শ্রেণিকক্ষ পরিষ্কার না থাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ওই অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ওই স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/নব