স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া নির্দেশনা মেনে পাঠদান চলছে কিনা তা নিয়মিত মনিটরিং করা হবে। যদি তা না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বন্যাকবলিত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের বিষয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আশা করি বন্যা পরিস্থিতি অতোটা খারাপের দিকে যাবে না। এ কারণে আমাদের নতুন কোনো পরিকল্পনা নেওয়ার দরকার হবে না।
বার্তা বাজার/নব