৬ মাসেই বিজেপি হারাল ৪ মুখ্যমন্ত্রী!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) আচমকাই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বীয় পদ থেকে। বিজয় রুপানিসহ বিগত ৬ মাসে বিজেপির মোট ৪ জন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন।
আগামী বছরের শেষ নাগাদ গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর এক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যটি থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন রাজনীতির শীর্ষ আলোচনায় পরিণত হয়েছে।
স্পষ্ট করে পদত্যাগের কারণ না জানালেও বিজয় রুপানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় গুজরাটের উন্নয়নে পাঁচ বছরের দীর্ঘ যাত্রা ছিল আমার। নতুন এনার্জির সঙ্গে রাজ্যের আরও উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে গত জুলাইয়ে কর্নাটক রাজ্যে বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা পদত্যাগ করেন। বিএস ইয়েদিউরাপ্পা ও তার সন্তানের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছিল। একই দৃশ্য উত্তরাখন্ডেও। সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত’কে সরিয়ে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির আরেক নেতা তীরথ সিং রাওয়াত। তিনিও চার মাস পর পদত্যাগ করেন।
জানা যায়, গুজরাট ও উত্তরাখণ্ড উভয় রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/এসজে