ব্রাহ্মণবাড়িয়া: এক ডায়াগনস্টিকের মালিক পেটালেন অন্য ডায়াগনস্টিকের কর্মচারীকে

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে সেবা ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানের মালিক প্রতিবেশি মডার্ন ডায়াগনস্টিকের এক কর্মচারীকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।অভিযুক্ত ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকের নাম ফারুক মেম্বার। আর ভুক্তভোগীর নাম আনোয়ার হোসেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।মারধরে আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ ঘটনায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে সেবা ডায়গনস্টিক সেন্টারের মালিক ফারুক মেম্বারসহ ৪ জনকে আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই মডার্ন ডায়গনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত। গতকাল শুক্রবার সকালে সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারুক মেম্বারসহ কয়েকজন এসে সেবা ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী আনোয়ার হোসেনের ওপর অতর্কিতে হামলা করেন। তারা এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে আনোয়ারকে রক্তাক্ত করেন। এই দৃশ্য আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলাম। কাজের প্রয়োজনে নিচে গেলে সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফারুক মিয়াসহ কয়েকজন অতর্কিত হামলা করে আমাকে রক্তাক্ত করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। লোকজন আমাকে হাসপালাতে ভর্তি করে।’

এ বিষয়ে সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ফারুক মিয়া মেম্বার জানান, আমি আমার ডায়াগনস্টিক সেন্টারে একজন রোগী পাঠিয়েছিলাম আমার কার্ড দিয়ে। কিন্তু মডার্ন ডায়াগনস্টিক কর্মচারী আনোয়ার জোর করে তাদের সেন্টারে নিয়ে যায়। এসব নিয়ে ছোটখাটো হাতাহাতি হয়েছে।

মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারুক মিয়া মেম্বার ও আরো কয়েকজন আমার কর্মচারী আনোয়ার হোসেনকে অকারণে মেরে রক্তাক্ত করে। এর আগেও ফারুক মেম্বার আনোয়ারকে অকারণে মেরেছিল। ফারুক মিয়া আমার ডায়াগনস্টিক সেন্টারের অনেক রোগী জোর করে নিয়ে যায়। তিনি সব সময় উগ্র আচরণ করেন। এই ঘটনায় আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ বলেন, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীকে মরধরের ঘটনায় সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফারুক মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর