ব্রাহ্মণবাড়িয়ায় ঢালাইয়ের ২ সপ্তাহ পর ভেঙে পড়ল স্কুল ভবনের ছাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মডেল সরকারি প্রাধমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের চিলেকোঠা ছাদ ধসে পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ছাদটি সম্পূর্ণ অংশ ভেঙে যায়। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ছাদটি সম্পূর্ণ অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে ধসেপড়া নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, ‘কাউকে না জানিয়ে দুই সপ্তাহ আগে ঠিকাদার ভবনের ছাদ ঢালাই শুরু করেন। শুরু থেকেই কাজ নিয়ে টালবাহানা করে আসছিলেন তারা। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও ঠিকাদার দেননি। স্কুল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেননি।’
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে দরপত্র আহ্বান করা হয়। এতে স্কুলটি নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। জমির-জুলিয়া ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজটি করছে।
ইঞ্জিনিয়ার অফিসের কাউকে না জানিয়ে ছাদ ঢালাইয়ের বিষয়টি স্বীকার করে ঠিকাদার মো. নিক্সন বলেন, ‘অফিস থেকে ছাদটি ভেঙে নতুনভাবে করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল।’
ভবন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা প্রকৌশলী মো. ইসহাক মিয়া জানান, ‘আমাদের না জানিয়ে ঠিকাদার ছাদ ঢালাই করে। পরে উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে ছাদ ভেঙে নতুনভাবে করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে।’
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, ‘আমি নতুন এসেছি। ছাদধসের বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ছাদটি ভেঙে নতুনভাবে করতে ঠিকাদারকে বলেছি।’
বার্তা বাজার/এসবি