ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হাওড়ে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়ার ১২ ঘন্টা পর কমরুল ইসলাম (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহত কামরুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র এবং নৌকায় সাথে থাকা নবী হোসেন জানায়, শুক্রবার দিনগত গভীর রাত আনুমানিক ৩ টার দিকে চার জন নৌকা নিয়ে মাঝ হাওড়ে মাছ ধরতে যায়। পরে রাতে তারা ঝড়ের কবলে পড়ে। প্রচন্ড বৃষ্টি-বাতাস এবং বজ্রপাত শুরু হয়, এসময় তাদের নৌকায় বজ্রপাত হলে কামরুল নৌকা থেকে ছিটকে পরে যায়। তারা সবাই তখন ভয়ে হতভম্ব হয়ে পরে।
এরপর তারা কামরুলকে খুঁজে না পেয়ে সরাইল ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত সাড়ে ৩টার দিকে সরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।
সরাইল ফায়ার সার্ভিসের কর্মকতা রিয়াজ মুহাম্মদ জানান, পরে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/এসজে