পদ্মায় ধরা বিলুপ্তপ্রায় ঢাই মাছ বিক্রি হলো ৩৫ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে রামকৃষ্ণ হালদারের জালে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া কর্নেসোনা এলাকায় নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাজার মোহন মন্ডলের মৎস্য আড়তে আনা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসাবে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ৩ হাজার ১ শ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১ শ টাকায় মাছটি কিনে নেন।

পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ৩ হাজার ২ শ টাকা কেজি দরে ৩৫হাজার ২ শ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, এখন মাঝে মধ্যেই পদ্মায় বড় মাছ পাওয়া যায়। কিন্তু ঢাই মাছের খুব একটা দেখা মেলে না। এই মাছ অনেক সুস্বাদু হওয়ায় অনেক চাহিদা এবং দামও বেশি। মাছটি কিনে সামান্য লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানান মাছ পাওয়া যাবে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর