চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৭

দাবিকৃত চাঁদা না পেয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ী ঘেরাও করে হামলা করেছে সন্ত্রাসী বাহিনী। এঘটনায় ভুক্তভোগীর বাবাসহ আহত হয়েছেন ৭ জন। গতকাল (১০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায়। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুলিয়া থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে উল্লেখ করে তিনি জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভুক্তভোগী সোহেল রানা আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কছিম উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এব্যাপারে তিনি জানান, বেশ কিছু দিন আগে হৃদয়, মামুন, আসাদসহ একদল কিশোর বাড়িতে এসে আমার কাছে মাসিক চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসার ক্ষতিসহ নানা রকম হুমকি প্রদান করে চলে যায়। এর পর গতকাল রাতে আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবারও অপারগতা প্রকাশ করলে আমার বাড়ির চারপাশে ঘেরাও করে ৩০ থেকে ৪০ জন অতর্কিত হামলা চালায়। একই সাথে আমাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। না পেয়ে বাড়িতে ইট-পাটকেল ছুড়ে বাড়ির ক্ষতি সাধন করে। এক পর্যায়ে যাকে সামনে পায় তাকেই পিটিয়ে আহত করে। পরে আমার ডিসের তার কেটে ব্যবসার অনুমান ৬৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে পুলিশকে খবর দিলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নুরুল ইসলামের ছেলে হৃদয় (২০), সাত্তার দেওয়ানের ছেলে মামুন (২৮), মহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আসাদ, মৃত আলাউদ্দিনের ছেলে শাকিল (২৫), মৃত শহিদুল্লাহর ছেলে রাশেদ (২৩), সিরাজুল উসলাম সিরার ছেলে তুষার (২০), মোহাম্মদ তুহিন (১৮), আলাউদ্দিন আলার ছেলে শাকিল (২০) ও সিদ্দিক।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর