ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেয়া হবে না: ফখরুল

ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশে নির্বাচন হবে, তা হবে নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। তবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশে আর কোনো প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর প্রতারণা মানবে না। দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। জনগণ আর একদলীয় শাসন মানবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আর তাই নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।

নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাজপথে নামারও হুঙ্কার দেন বিএনপি মহাসচিব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর