রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড: প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ছিয়ারন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আগুনে পুড়ে একটি গাভী মারা গেছে। গাভীটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই বৃদ্ধার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিবাহ হয়ে গেছে। বাড়িতে তিনি ও ছেলে মাসুদ শেখ (৪৩) থাকতেন। মাসুদ স্থানীয় বাজারে ঝাড়ুদারের কাজ করেন। আগুনে মাসুদের পড়নে লুঙ্গী ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

মৃতের ভাই ছিরু তালুকদার জানান, রাত ১২ টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়াল ঘর ও বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন আসতে আসতে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা আগুনে পুড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তেলজুড়ী গ্রামে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামের এক মহিলার মৃত্যু হয়েছে। এসময় একটি গাভী মারা গেছে বলে শুনেছি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনাটি সকালে শুনেছি। খোঁজ নিয়ে পরিবারটিকে সাধ্য মতো সাহায্য করা হবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর