কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি অধ্যাপক আলী আশরাফ। তার মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে।

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম নিয়েছিলেন প্রয়াত এমপির ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত।

এছাড়াও মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ও দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ডা. প্রাণ গোপাল দত্ত। তবে সেবার নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আলী আশরাফ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর