বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন।
জানা যায়, শনিবার সকালে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে অবস্থিত নিজ ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মোটরসাইকেলযোগে কলা কিনতে গিয়েছিলেন রিদু। বাদামতলা এলাকায় পৌঁছালে একটি গমবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ট্রাকটি তাকে চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়। পরে ট্রাকচালক নিজেই আহত রিদুকে বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় ও বুকে জখম রয়েছে।
বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল বলেন, আমার হাতে গড়া ক্রিকেটারদের মধ্যে রিদু ছিলেন অন্যতম। বাগেরহাট ক্রিকেটার্স ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলার মধ্য দিয়ে জেলা পর্যায়ে তার ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লীগে খেলেছিলেন তিনি।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড়। তার মৃত্যুতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
বার্তা বাজার/নব