আলফাডাঙ্গায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌর এলাকার ইছাপাশা গ্রামে যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুইটি ক্যাটাগরিতে সাতটি করে মোট ১৪টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় একটি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ধলাইরচরের টুকু, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন, শুকুরহাটার ইবাদত ও ইছাপাশার মজি শেখ।

আরেকটি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন, ইছাপাশার মাসুম, দ্বিতীয় স্থান অধিকার করেন, মধুনগরের কোনাই এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন, ইছাপাশার মিজান ও কুসুমদীর শুভ।

বর্ণাঢ্য এ নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে আগ্রহ নিয়ে ছুটে আসে শিশু-কিশোর, যুবক-যুবতী, নারী-পুরুষসহ বিনোদন প্রেমী বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। দুপুর থেকেই গোটা এলাকা জুড়ে হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রাম্য মেলাও বসে।

ইছাপাশা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন নাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, পৌর কাউন্সিলর আজিজুর তালুকদার, রবিউল ইসলাম, যুবনেতা বিল্লাল মুন্সী প্রমুখ।

মিয়া রাকিবুল/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর