গুচ্ছ পদ্ধতি: তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, আবেদনে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেনি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।

এদিকে দ্বিতীয় ধাপের আবেদনে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। তবে বঞ্চিত হচ্ছেন ৩৪ হাজার শিক্ষার্থী। বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, প্রথম ধাপে পর্যাপ্ত আবেদনে এলেও আমরা দ্বিতীয় ধাপে ওইরকম সাড়া পাচ্ছি না। শিক্ষার্থীরা আবেদন করছে না।

তিনি বলেন, বিজ্ঞান বিভাগে মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রায় ১৩ হাজার। আবেদন সংখ্যা কম হওয়ায় তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

এর মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর