পুলিশ কর্মকর্তাকে কোপাল মাদক ব্যবসায়ী

যশোরের চৌগাছা উপজেলায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে চৌগাছা থানার এএসআই জিতু আলী মাদক ব্যবসায়ীদের হাসুয়ার কোপে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া পূর্বপাড়া গ্রামের জনৈক ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে এই হামলার ঘটনা ঘটে। আহত এএসআই কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চৌগাছা থানার এসআই (তদন্ত) গোলাম কিবরিয়া বার্তা বাজার কে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত এএসআই জিতু আলীসহ চার পুলিশ সদস্য চাঁদপাড়া গ্রামে মাদক উদ্ধারে অভিযানে যান। মাদক ব্যবসায়ী দুই ভাই শাহিন আলম পাপ্পু ও জাকির হোসেন রাসেল এবং গ্রামের আহাম্মদ আলীর ছেলে সোহাগ মন্ডলসহ আরো কিছু ব্যক্তি চাঁদপাড়া পূর্বপাড়ার জনৈক ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে মাদক কেনাবেচা করছিলো।

এমন সময় এএসআই জিতু আলী এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরলে তার সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অন্য একজন মাদক ব্যবসায়ীর হাতে থাকা হাসুয়া দিয়ে এএসআই জিতুর কপালের ডান দিকে কোপ মেরে পালিয়ে যায়। সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ওই রাতেই থানার ওসি সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিন আলম পাপ্পুকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও হামলায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে।

তিনি এ ব্যাপারে আরো জানান, পুলিশের উপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে।আসামী শাহিনের বিরুদ্ধে আগেও চৌগাছা থানায় মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় রাতেই শাহিন আলম পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর