তালেবানের ‘ঘরে থাকার নির্দেশ’ উপেক্ষা করে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা নারী অধিকার নিশ্চিত করাসহ মানুষকে আরও বেশি স্বাধীনতা দেওয়ার দাবি জানান। তবে বিক্ষোভ দমনে নির্যাতন ও শক্তিপ্রয়োগের অভিযোগও উঠেছে তালেবানের বিরুদ্ধে। এরপরই তালেবানের এমন ক্রমবর্ধমান সহিংস প্রতিক্রিয়া ও কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
এছাড়া সাম্প্রতিক আন্দোলন বিক্ষোভে অংশ নেওয়া আফগানদের মধ্যে তালেবান যোদ্ধারা চারজনকে হত্যা করেছে বলেও জানিয়েছে জাতিসংঘ।
শনিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভকারীদের দমনে লাঠি ও চাবুক ব্যবহারের পাশাপাশি সরাসরি গুলিবর্ষণও করেছে তালেবান যোদ্ধারা।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র বলেন, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবিলম্বে শক্তিপ্রয়োগ বন্ধ করতে আমরা তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া অধিকারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করা মানুষকে এবং দায়িত্বরত সাংবাদিকদের নির্বিচারে আটক করাও বন্ধ করতে হবে।’
এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবানের দমন-পীড়নের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, গত ১৫ আগস্ট থেকে দেশটিতে বিক্ষোভ হচ্ছে। কিন্তু গত বুধবার অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ আয়োজন নিষিদ্ধ করে তালেবান। এছাড়া এর পরদিন কাবুলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে নির্দেশ দেয় তালেবান।
বার্তা বাজার/অমি