নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ৯

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানের ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে নরসিংদী জেলা ডিবি পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ডাকাতির প্রস্তুতি কালে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ওই সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্য আটক হয়।

এব্যাপারে নরসিংদী জেলা ডিবি পুলিশ এর উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নরসিংদী জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক মাননীয় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্শেনায় ও চৌকস অফিসার ইনচার্জ, ডিবি নরসিংদী মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে ডাকাতি প্রস্তুতি গ্রহনকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯ (নয়) সদস্যকে ২টি বিদেশী পিস্তল, গুলি, কাটার, দেশীয় অস্ত্র-সস্ত্র ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদের কাছে লুন্ঠন করে নেওয়া স্বর্ণ বিক্রির নগদ ২,৪৫ ০০০ টাকা উদ্ধার করা হয়।।

এব্যাপারে নরসিংদী জেলা ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, গোপনসূত্রে খবর পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৯জন সদস্যকে অস্ত্র সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ডাকাতদল ইতোপূর্বে নৌপথে স্পীড বোট ব্যবহার করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করেছিল বলে স্বীকার করে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে দিবাগত মধ্যরাতে সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার দিকে ইঞ্জিনচালিত নৌযান ও স্পীড বোটে করে এসে একদল সঙ্ঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে এসব দোকানের কর্মচারীদের আরেকটি দোকানে তালাবদ্ধ করে রেখে সিরিয়ালি দোকানগুলোতে ডাকাতি করে। এঘটনায় স্বর্ণব্যবসায়ীদের প্রায় দেড়শত থেকে দুই শত ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানান দোকান মালিকগণ।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর