‘আমি চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি’

আমার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক স্নেহাস্পদ কিছু নেতা মনঃক্ষুণ্ণ হয়েছেন। তাদের চাকর-বাকরের সঙ্গে তুলনা করেছি উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন আমি সেই চাকর-বাকরের কাছে ক্ষমা চাইছি। কারণ এই রাজনৈতিক নেতাদের মধ্যে চাকর-বাকরের গুণাবলিও নেই।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের ‘ছাত্র অধিকার পরিষদে’র নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা উল্লেখ করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তাদের না আছে কবজিতে জোর, না আছে মাথা ঘুরাবার অধিকার। চাকর-বাকরদের অত্যাচার করার একপর্যায়ে তারা চাকরি ছেড়ে চলে যায়। এই রাজনৈতিক কর্মীদের তা-ও নেই। চাকর-বাকর ভাইরা আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের অধিকার আমি ক্ষুণ্ণ করেছি।’

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আমি তারেকের বদলে (তার মেয়ে) জাইমাকে ক্ষমতা দিতে বলিনি। আমি বলছি তাকে রাজনীতি শিখতে দেন। সে তরুণ আছে, তাকে রাজপথে আসতে বলেন। রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয়।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আবার এই সরকার চক্রান্ত শুরু করেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।’

সভায় ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, দেশে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার চলছে। রাজনীতির মাঠকে রাজনৈতিক নের্তৃত্বশূন্য করে দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আগে ছিল সামরিক শাসন, এখন দেখছেন পুলিশি শাসন। নির্বাচনের সময় এগিয়ে আসায় সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে বলেও মন্তব্য করেন নূর।

তিনি আরও বলেন, সরকার বুঝতে পেরেছে, তাদের সময় ফুরিয়ে এসেছে। তাই তারা এখন মরণকামড় দেবে। তবে দেশকে আমরা গণতন্ত্রহীন অবস্থায় রাখতে পারি না। অতিদ্রুত গণতন্ত্র উদ্ধারে আমরা মাঠে নামব।

ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদে’র নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের সমন্বয় জোনায়েদ সাকি প্রমুখ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর