হাত টিপার কাজ দেওয়া কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: আ’লীগ নেতা গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলের (৫০)। ‘হাত সচেতন’ নকুল পারিশ্রমিকের বিনিময়ে সেই হাত টিপানোর জন্য এক কলেজ ছাত্রীকে রাখলেন। কিন্তু বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) হাত টিপানোর সময় সেই কলেজ ছাত্রীকেই ধর্ষণের চেষ্টা করেন নকুল।

এ অভিযোগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে মনোরঞ্জন শীল নকুলকে। গ্রেফতার নকুল উপজেলার নতুন পাড়ার মৃত মঙ্গল শীলের ছেলে। ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ধর্ষণ চেষ্টার এই মামলাটি দায়ের করেন।

জানা গেছে, কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় নকুলের একটি হাত ভেঙে যায়। চিকিৎসা শেষে কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন তিনি। এরপর দরিদ্র পরিবারের অসহায় একটি কলেজ ছাত্রীকে দৈনিক ৩০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে নিজের হাত টিপানোর জন্য নিয়োগ দেন নকুল।

কিন্তু প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী হাত টিপে দিতে গেলে নকুল মেয়েটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেয়। এসময় কলেজছাত্রীর চিৎকারে বাড়িতে অন্য ঘরে থাকা তার স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়েটির মা বলেন, এ ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। কাউকে কিছু বললে কিংবা পুলিশকে জানালে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেয় এবং বলে থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ নেই। নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতোপূর্বে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি আমি অবগত না। ঘটনা সত্য হলে দলীয় ফোরামে কথা বলে সবার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর