লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে দুই শিশুসহ এক মা নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় শিশুদের বাবা মো. হেলাল গত বৃহস্পতিবার রাতে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত নিজ বাড়ি থেকে রামদয়াল বাজার আইডিয়াল প্রিক্যাডেট একাডেমির উদ্দেশ্য যাওয়ার পথে নিখোঁজ হন তারা।
যারা নিখোঁজ হয়েছে- মা মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)।
অভিবাবক মো. হেলাল জানান, দ্বিতীয় শ্রেণির পরীক্ষার্থী ছিল বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হয় ওই সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকেও তার সঙ্গে নেন। এরপর সকাল ১০টায় স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা জানালে তিনি তাদের খুঁজতে বের হয়। তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ‘দুই মেয়েসহ মা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মারজাহানের স্বামী মো. হেলাল রামগতি থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।’
বার্তা বাজার/এসবি