ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অর্জনের ঝুলি একেবারেই শূণ্য। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাকে সেই বিশ্বাস স্থাপনে সহযোগীতা করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা সিরিজের শেষ ম্যাচের খেলা শেষে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। তখন অবশ্য তিনি বলেন, প্রত্যাশিত প্রস্তুতি দল নিতে পারেনি নানা বাস্তবতার কারণে। তারপরও তিনি আশা ছাড়ছেন না। সাকিবের কথায় তিনি আশার আলো দেখছেন।
পাপন বলেন, আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল অরিজিনালি, সেটা আমরা করতে পারিনি। অনেক দেশ করতে পেরেছে। একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। (কোভিডের) প্রথম এক বছর তো গেছে প্যানিকড, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। সব মিলিয়ে আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি, কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।
সাকিবের ব্যাপারে তিনি জানান, সাকিব আমাকে বলেছে, আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন এমন কথা বলে, তার মানে দলের প্রতিও একটা বিশ্বাস আছে। এটা গুরুত্বপূর্ণ।
এদিকে নিউজিল্যান্ডকে সিরিজে হারানোর আগে গত মাসেই অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজে হারায় টাইগাররা। তারও আগে জিম্বাবুয়ে সফরেও জয়ের ঝলক নিয়ে ফিরেছে টাইগাররা। এই জয়গুলো বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার জ্বালানি হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিসিবি সভাপতি।
বার্তা বাজার/এসজে