দীর্ঘ দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর দেশের সকল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে সংক্রমণ বৃদ্ধি পেলে তা আবারও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থির তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে আমরাও সেই ধরনের পরামর্শ দেব। ১৮ বছরের কম বয়সিদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।
চলতি মাসে দুই কোটি ডোজ করোনা টিকা পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে। যেখানে যেখানে সম্ভব, সেখানে ফাইজার টিকা দেওয়া হবে।
বার্তা বাজার/এসজে