‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিজয় হবেই ইনশাআল্লাহ’
মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিজয় হবেই ইনশাআল্লাহ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার বয়স অনেক হয়েছে। তারপরও আমি খুব আশাবাদী মানুষ। গত তিনদিন আমার জেলাতে (ঠাকুরগাঁও) আমি পাঁচটি উপজেলায় সফর করেছি। আমি দেখেছি, মানুষের মধ্যে কি অভূতপূর্ব সাড়া। নানা বাধা প্রতিকূলতায়ও নিজের শক্তি নিয়ে মানুষ সব দাঁড়িয়ে আছে। যখনই শুরু হবে আন্দোলন, তারা ঝাঁপিয়ে পড়বে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নিয়োগ পাওয়া ১০১৮ জন কর্মকর্তা-কর্মচারির চাকরিচ্যুতির ১০ বছরপূর্তি দিবস উপলক্ষে ‘চাকরিচ্যুতিদের মানবেতর জীবনযাপন’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কখনোই ভেঙে পড়বেন না। সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে থেকে তো আমাদের উঠে আসতে হবে। আমাকে জেগে উঠতে হবে, আমার আশে-পাশের মানুষগুলোকে জাগাতে হবে। আজকে আমার যারা তরুণ যুবক আছেন তাদেরকে জাগাতে হবে। এই যুদ্ধে জয়লাভ করতে হবে-এর কোনো বিকল্প নেই এবং সেটা অতিদ্রুত করতে হবে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যুতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি একাত্মতা ও সমমর্মিতা প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নয়, অন্যান্য দফতরগুলোতে অন্যান্য বিভাগসহ বিভিন্নসহ জায়গায় বাংলাদেশি ভালোবাসা মানুষগুলো চাকরিচ্যুত হয়েছে। আমরা বলতে চাই, আপনারা একা নন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো এবং জয়ী হবো ইনশাল্লাহ।’
বার্তা বাজার/এসবি