বেরোবি শিক্ষক-ছাত্রের ওপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে সড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেরোবির শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ই সেপ্টেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক প্রায় তিনঘণ্টা অবরোধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ ই সেপ্টেম্বর) দিনগত মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ মেসে ফেরার সময় স্থানীয় পার্কের মোড়ে ৮ জনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে সবকিছু কেড়ে নেয়। এসময় বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।

অন্যদিকে শুক্রবার (১০ ই সেপ্টেম্বর) ভোরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মর্নিংওয়ার্ক করতে ক্যাম্পাসে যাওয়ার সময় নগরীর লালবাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পরেন। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়। বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন রমেকের চিকিৎসক।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও নিরাপত্তা না পেয়ে আমরা শঙ্কিত। পরাগ ও মনিরুজ্জামান স্যারের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকদের পক্ষ থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিষ্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, রাত ২ টা কিংবা ভোর ৫ টা হোক বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ স্থানীয় প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার নিরাপদে চলতে চাই সেটার নিশ্চয়তা স্থানীয় প্রশাসনকে দিতে হবে।
এছাড়াও দুর্বৃত্তদের দ্রুত শাস্তি নিশ্চিত এর দাবিও জানান তিনি।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিফাত নামে একজনকে আটক করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইজার আলী।

রকি আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর