সরকারি প্রতিষ্ঠানের ওয়াশরুমে বঙ্গবন্ধুর ছবি!

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত টয়লেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে রাখা হয়েছে। উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা গেছে। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুতই সেটা সরাতে তৎপর হতে দেখা যায় সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের একটি পরিত্যক্ত কক্ষে ওয়াশরুমে তৈরি করা হয়েছে। তার দেয়ালে টাঙানো রয়েছে বঙ্গবন্ধুর ছবি। গণমাধ্যমকর্মীরা এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে দ্রুতই সেটা সরিয়ে ফেলেন বিদ্যালয়ের দপ্তরি।

দপ্তরি বাবু মিয়া দাবি করেন, স্কুলের প্রধান শিক্ষক তাকে ছবিটি রাখতে বলেছেন। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছবিটি আর সরানো হয়নি।

তবে বাবু মিয়ার চাপানো দায় এড়িয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ওই কক্ষটি আগে শ্রেণিকক্ষ ছিল। ছয় মাস আগে কক্ষটিকে ওয়াশরুম করা হয়। বঙ্গবন্ধুর ছবিটি ওই কক্ষে টাঙানো ছিল। কিন্তু করোনার সময় স্কুল বন্ধ থাকায় ছবিটি সরানো হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ বলেন, এটা দায়িত্ব পালনে অবহেলা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, আমি বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বিষয়টি স্পর্শকাতর। কার অবহেলা বা দায়িত্বহীনতার কারণে এটি হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান একজন চতুর্থ শ্রেণির কর্মচারির উপর নির্ভর করে চলে না। এজন্য সকল শিক্ষককে সচেতন হতে হবে। সূত্র-আরটিভি অনলাইন।

বার্তা বাজার/এসবি/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর