ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে রান্না ঘরের চুলার ধোঁয়া প্রতিবেশির ঘরে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই পক্ষ। বুধবার (৮ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দু’দিন ব্যাপী চলে থেমে থেমে সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্থানীয় ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা নিজের রান্না ঘরে রান্না করছিলেন। লাকড়ির চুলার ধোঁয়া প্রতিবেশি বাবরের বাড়িতে যাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে আহত হয় নারীসহ ৩ জন।
এ ঘটনার পরপরই রুহেনা তার বাবার বাড়িতে চলে যান। স্বামীর বাড়ির কাছেই বাবার বাড়ি হওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানেই হামলা চালান বাবরের লোকজন। এসময় গ্রামের লোকজন দুইভাবে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে তুমুল সংঘর্ষে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রুহেনা বলেন, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মারধর করে। পরে ভয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হামলা করে, আমাদের দুই বোনের স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।
তবে সংঘর্ষের পরেই বাবর আলী আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।
বার্তা বাজার/এসজে