সাভারে করোনার ভ্যাকসিন প্রদানের কেন্দ্র পরিবর্তন
এতদিন সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলছিলো। আগামীকাল (শনিবার) থেকে এখানে আর করোনার ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলবে না জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বার্তা বাজারকে ডা. সায়েমুল হুদা জানান, এতদিন সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিন কার্যক্রম সুন্দরভাবে চলছিলো। কিন্তু আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে ভ্যাক্সিন কার্যক্রম এই স্কুল থেকে সরিয়ে এর ঠিক বিপরীতে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে নেয়া হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে এখানে স্থাপিত বুথেই আগামীকাল থেকে নিবন্ধনকৃত এবং যারা ম্যাসেজ পেয়েছেন তারা ভ্যাক্সিন গ্রহন করতে পারবেন।
এসময় ডা. সায়েমুল বলেন, সাভারে করোনার শুরু থেকে স্বাস্থ্য সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারকে নানাবিধ বিষয়ে বিশেষ সহায়তা রাখায় কৃতজ্ঞতা জানান সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সম্মানিত উপদেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ মোহাম্মদ এনামুর রহমান এমপি’র প্রতি।
পাশাপাশি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ঢাকা জেলা সিভিল সার্জন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের প্রতি।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি