চাঁপাইনবাবগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মিরাতালুক (গোলাপ বাজার) এ অভিযান চালিয়ে বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়।
১৫ বোতল বিদেশি মদসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত শুকুর উদ্দীনের ছেলে সাইফুদ্দিন(৫৫) ও মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মিরাতালুক গ্রামের এরফান আলীর ছেলে হযরত আলী(৩৭)।
র্যাব-৫ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মিরাতালুক এলাকায় অভিযান চালায়।
এ সময় বিদেশি মদ ৯ বোতল ও বিদেশি বিয়ার ৬ বোতল মোট ১৫ বোতলসহ মাদক ব্যবসায়ী সাইফুদ্দিন ও হযরতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় দুজনের কাছে থেকে ১৫ বোতল বিদেশি মদ,মোবাইল সেট-০১টি এবং সীমকার্ড -০২টি ও মেমোরি কার্ড-০১টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের দীর্ঘদিন যাবৎ বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/টি