এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় চাঞ্চল্যকর মাহমুদ হাসান মানা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ও এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ। এ শাস্তির দাবীতে ইতিমধ্যে মানববন্ধন ও পালন করেছে বিভিন্ন সংগঠন।
এ চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শুক্রবার (২৮ জুন) রাতে প্রেমিকা ইভাসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়,শুক্রবার (২৮ জুন) সকালে পৌর এলাকার একডালা এলাকার সানোয়ার হোসেনে বাড়ির জানালায় মাহমুদ হাসান মানার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মঙ্গলবার (২ জুলাই) সরজমিনে গেলে পরিবার ও স্থানীয়রা বলেন,মাহমুদ হাসান মানার সাথে পার্শ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে ইভার পরিবার মাহমুদ হাসানকে একাধিকবার মারপিট করে। এবং বৃহস্পতিবার (২৭ জুন) রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসানকে ডেকে নিয়ে যায় ইভা। পরে শুক্রবার সকালে ইভার ঘরের পেছনে জানালা থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরিবারের অভিযোগ,পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে মানাকে। তারা হত্যকারীদের আইনের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছে।
এ মামলা তদন্তকারী অফিসার সিরাজগঞ্জ সদর থানার এস আই ফারুক আহমেদ জানান,এ হত্যা মামলার আসামী প্রেমিকা ইভাসহ ৭ জনের মধ্যে ৪ জনকে শনিবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো, প্রেমিকা কলেজ ছাত্রী শাওন ওরফে ইভা (১৭), পিতা ছানোয়ার হোসেন ছানু (৪৫), মাতা নুরমহল খাতুন (৪০) ও চাচা মনোয়ার হোসেন মনো (৪০)।অপর ৩ জন আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।