স্বস্তি ফিরেছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। পদ্মার পানি ক্রমাগত হ্রাস পাওয়া এবং স্রোতের গতিবেগ কমে আসার কারণে স্বস্তি ফিরেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে যাত্রী ও চালক সহ ফেরিঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ঘাটে পর্যাপ্ত ফেরি থাকার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দূরপাল্লার বাসযাত্রীদের নদী পার হতে অপেক্ষা করতে হচ্ছে না। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপারের কারণে ট্রাকচালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে গত দেড় মাস ধরে পদ্মা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকট থাকায় ভোগান্তি চরমে ছিলো বলে জানায় যাত্রী ও চালকেরা।

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাসচালক মো. রেজাউল করিম বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে স্বস্তি ফিরেছে। এখন আর বাসগুলোকে ঘণ্টার পর ঘণ্টা ফেরিপারের জন্য অপেক্ষা করতে হয় না। সিরিয়ালে গাড়িগুলো ফেরিতে ওঠে যাচ্ছে। তিনি বলেন ফেরির সংখ্যা যেন এই নৌরুট থেকে হ্রাস করা না হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২০টি ফেরি চলাচল করছে। ফেরিগুলোর মধ্যে ১২টি রো-রো ফেরি রয়েছে। বাকি ৮টি ইউটিলিটি ফেরি। বড় ফেরির সংখ্যা বেশি থাকার কারণে এই রুটে ভোগান্তি কমেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, গত দেড় মাস ধরে জেলা পুলিশ সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশ সচল রাখতে দায়িত্ব পালন করেছেন। অন্য নৌরুটের যানবাহনের চাপ থাকায় যানবাহনের সংখ্যা ছিলো কয়েকগুণ বেশি। সেই তুলনায় ফেরি ছিলো অপ্রতুল। ২০টি ফেরি চলাচল করলে সব সময় স্বস্তির মধ্যেই যাত্রী ও চালকেরা নৌরুট পার হতে পারবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর