নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে থাকছেন না সাকিবসহ ৪ জন

স্বাগতিক বাংলাদেশ জয়ের মধ্য দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে চায়। সামনে বিশ্বকাপ এই বিশ্বকাপের আগে জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য টাইগারদের। এমন লক্ষ্য নিয়ে শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

এ ম্যাচটি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কারণ আঙ্গুলের পুরনো ইনজুরি নাড়াচাড়া দেয়ায় বিশ্রাম দেয়া হবে সাকিবকে। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হতে অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিবকে। মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ শিকারী হতে মাত্র ২ উইকেট প্রয়োজন সাকিবের।

সাকিব ছাড়াও শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হবে সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে।

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, সিরিজ জয় নিশ্চিতের পরও জয়ের ধারা অব্যাহত রেখে ব্যবধান ৪-১ করতে চান।

তিনি বলেন, ‘এই সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও ছেলেদের। আরো একটি সুযোগ আছে এবং আশা করছি দলগতভাবে ম্যাচটি জিততে পারব।’

বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারলো নিউজিল্যান্ড। এই হারে লজ্জার কিছু নেই কিউইদের। কারণ স্লো ও কঠিন উইকেটে বাংলাদেশের সাথে লড়াই করেছে নিউজিল্যান্ড।

তাছাড়া সফরে নিউজিল্যান্ড মূল দলের কোনো খেলোয়াড়ও ছিল না, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। তাই সিরিজটি এই স্কোয়াডে থাকা তরুণ এবং অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য শেখার মঞ্চ ছিল। কিন্তু তাদের অধিনায়ক টম লাথাম জানান, আগামীকাল পঞ্চম এবং শেষ ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করতে চান।

চতুর্থ ম্যাচ শেষে লাথাম বলেন, ‘শেষ ওভারে খেলাটি নিতে পেরে আমি সন্তুষ্ট।’

তিনি আরো বলেন, ‘আমরা দ্রুত উইকেট হারিয়েছি এবং লড়াই করাটা কঠিন ছিল। কিন্তু যেভাবে আমরা এই ভিন্নধর্মী উইকেটে মানিয়ে নিতে চেষ্টা করেছি তা সত্যিই দারুণ। এটি একটি তারুণ্যনির্ভর দল, যারা খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি এবং আমরা অনেকেই এখানে খেলিনি। আশা করি, শেষ ম্যাচে প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখাতে পারবো।’

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কিউইদের জয় ১১টি। বাংলাদেশের জয় ৩টিতে। বাংলাদেশের সবগুলো জয় চলমান সিরিজ থেকে এসেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যানে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। ১১২ ম্যাচ খেলে মাত্র ৪১ জয় আছে তাদের। ৬৯ ম্যাচে হেরেছে টাইগাররা। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর